Tuesday, June 20, 2023

বাবার প্রতি

তোমার জন্য এক কলমও লিখিনি
লিখতে পারিনি ।
আমার সীমাবদ্ধতা ॥
এই বিপুল শূণ্যের কাছে
আত্মসমর্পণ করেছি ।
এক দমচাপা কান্নায়
ডুকরে উঠেছি প্রতিরাত...
তবু শব্দ খূঁজে পাইনি তোমাকে ডাকার ।
কোনো আদিম বিশ্বাস
মাথায় হাত বুলিয়ে ভরসা দিয়েছে,
তুমি সাথেই আছো..
হ্যাঁ ঘিরে আছো চারপাশে ।
..শুধু দেখা দেবে না
তারপর ঘুম এসেছে চোখে ....

এ কঠিন প্রকাশ করার
ভাষা নেই  .. শক্তি নেই ।
যে প্রবল সমুদ্র,  প্রবলতর হবে ।
চেপে ধরবে গলা , উত্তাল ঢেউয়ে
একলা হাবুডুবু খাবো দিশেহারা ।
তোমাকে খুঁজব রোজ..
তীরের দিকে চেয়ে অবোধ আমি...আজীবন ॥

Monday, October 25, 2021

স্বপ্ন

একদিন  দেখলাম
বাবা হাসপাতালে ভর্তি
মুখে অনেক নল লাগানো
যেগুলো আমার চেনা
যা দেখে আমি ভয় পাই
যাকেই জিজ্ঞেস করি
অমুক বেড এর উনি কেমন আছেন
সবাই ব্যস্ততা দেখায়...
আমি রোজ কলেজ ফেরত দেখা করতে যাই
আর ফিরে আসি যখন বুক টা ভার হয়ে থাকে

এরমই চার পাঁচ দিনের স্বপ্ন...
তারপর একদিন ম্যাজিক হয়
যথারিতি কলেজ ফেরত গেছি
দেখি বাবা বিছানায় কাত হয়ে শুয়ে চা খাচ্ছে
মুখে হালকা হাসি
অবিকল যেমন খেত বিকেল পাঁচটায়...
আমাকে বল্লো কিরে তোর ছেলেকে একা কার কাছে রেখে এলি
আমি বল্লাম কি যে বলো আমি তো কলেজে পড়ি
কিন্তু একি বাবা কে দুধ চা কে দিলো ..বাবা তো পাতা চা খায়
কেউ আছেন... এদিকে আসুন ..শুনছেন...ওনাকে র-চা দিতে হবে....

তারপর সব কেমন .. কেমন গুলিয়ে গেলো...

Friday, December 29, 2017

কি ভাবে বাঁচব?

কেনো?
দু বেলা ভালো মন্দ খাচ্চিস..
দুপুরে ট্যাংরা রাতে চারাপোনা
রবিবারের বারবেলায় কষা মাংস
শীতে বইমেলা চক্কর
পুজোয় হাল ফ্যাশনের জামা
বড়দিনে প‍ামকেক..কিছুই বাদ নেই
ছুটির দিনে দীঘা দার্জিলিং...ওহ্ ভুল হল
গোয়া ব্যাংকক  মরিসাস...
দশটা পাঁচটার চাকরির সাথে বৌ ব‍াচ্চা প্রেমিকা
এসি গাড়ি..এলসিডি তে কোহলির ছক্কা পানীয় সহযোগে
আর কি চাই ..কি চাই ...জমে গেছে..

ও হ্যাঁ..রাস্তায় গেরি গেরি বাচ্চা গুলো 
হাত বাড়িয়ে ধুপকাঠি বেচতে এলে
বুকের ভিতর চিনচিন করবে
সট্ করে মাথা ঘুড়িয়ে নিলেই হল...ব্যাস ....
বাড়ির কাজের মাসির বছর  বারোর স্কুলছুট মেয়ে এলে
ঘরের বাড়তি কাজগুলোয় তাকে লাগিয়ে দিস
সিরিয়াল দেখার সময় পেয়ে যাবি...
ময়দানে ফুরফুরে হাওয়া খেতে খেতে
ফ্যালফ্যাল করে ঘুরতে থাকা ভবঘুরে টাকে
কলেজের মুখচোরা ছেলেটার মত লাগে?
যে কবিতা টবিতা কিসব লিখত...ধুর ধুর পাত্তা দিস না ওসব..
- না মানে ইয়ে...হাইওয়েতে...ওই বাচ্চা ছেলে..
মানে ওই...রক্ত..বাইকে আরকি....
না না খবরদার..এসব ঝামেলা ..পুলিশ , হাসপাতাল
পাগল নাকি...অ্যাম্বুলেন্স ডেকে দিবি..আসবে সময় করে
এটাই কজন করে বলতে পারিস...

ওহ্ আবারও কি সমস্যা...
পকেটে পয়সা আছে তো
দরকার বুঝে বার করবি...তাহলেই মাখন ....
মুসকিল আসান..পাউরুটিতে মাখিয়ে খেয়ে নাও

কি বল্লি..
কি ...কিসের দংশন?
শোন রাতে একটা অ্যালজোলাম খেয়ে ঘুমাবি..বুঝলি..
সকালে দেখবি সওব ঝিঙ্গালালা....

Wednesday, December 27, 2017

প্রতিটা সকাল, প্রতিটা সন্ধে, প্রতিটা রাত
নিস্তরঙ্গ ভাবলেশহীন কেটে যাওয়াই বুঝি
প্রাপ্তবয়স্কতা ..নাকি স্থবিরতা?
চুলের পাক ঢাকার চেষ্টা
মানানসই পোশাকের সাথে রকমারি সৌগন্ধি
শৌখিণ ঘর সাজানোর সামগ্রী
বাহারি কথা
সাবলীল সামাজিকতা
স্মৃতিমেদুর অ্যালবাম..ইত্যাদি ইত্যাদি
সবই ...সবই পড়ন্ত বিকেলের তাপের মত
তোমার ভিজে জামা শুকালো কিনা..কিই বা যায় আসে তার..
তবু এই অনন্তের পথে চলতেই হবে
সন্তানের নিষ্পাপ মুখ সম্বল করে
বাবার ডাকের  অভাব শুণ্য বুকে নিয়ে
বাক্স পুটুলি বেঁধে ... হাঁটতেই হবে

তুমি হাত ধরলে ভালো..আকাশ দেখার সঙ্গী হয়ো
না ধরলেও ..তাই সই...
একসঙ্গে তারা গোনা নাইবা হল আর...

Friday, August 26, 2016

তুমি যখন কুসুম গলা বেলায়
উস্কখুস্কো চুলে
সাদা জামাতে পকেট ভরা ধুলো মেখে
গুনগুনিয়ে সুর ধরেছ
হয়তো মনের ভুলে...

তখন কেন হঠাৎ আবার
পুরোনো ভালোলাগা
চোখের তারায় ঝাপসা হয়ে
বর্ষা ডেকে আনে ....
সেই আগুনে ধ্বংস হওয়ার
গল্প শুধু এ শহরই জানে ||

Sunday, February 7, 2016

Tomar hatchani te Sara debo bole
Esechi onek janmodin par kore
Sesher shanko par hoar age,
Sudhu ektu somoy diyo....
Arekta notun surjo Ami dekhe jete chai....



Thursday, January 28, 2016

তোমায় সাত রঙা নীল দেবো 
যদি বলতে পারো আকাশ কতো দূর
ঢেউ হয়ে রোজ ভাঙবো তোমার দুপায়ে
যদি একবার ..একবার..দিগন্ত ছুতে দাও
ঝিনুকের বুকে ভরে দিয়ে এক পৃথিবী প্রাণ
নৈঃশব্দের মূচ্ছর্নাকে যদি শব্দে বাঁধতে পারো......

তবে তোমার কাছে ফিরবো আমি আলোকবষর্ পার
মূহুতর্ দের মুঠোয় ভরে আসবো বারবার ....